বিরোধীদলের অবরোধের তৃতীয় দিন সকালে যাত্রাবাড়ির ধোলাইপাড়ে একটি টেম্পো ও একটি অটোরিকশায় আগুন দেয়া হয়েছে।
লালবাগ পুলিশের অতিরিক্ত উপ কমিশনার আবদুস সালাম জানান, সোমবার সকাল ৯টার দিকে ধোলাইপাড়ের নয়াবাজার ব্রিজের কাছে যানবাহন দুটি অবরোধকারীদের হামলার শিকার হয়।
তিনি জানান, কয়েকজন যুবক প্রথমে মিটফোর্ড থেকে যাত্রাবাড়িগামী টেম্পোটি আটকে ভাংচুর করে এবং তাতে আগুন দেয়। এরপর পেছনে থাকা আরেকটি অটোরিকশায় আগুন দিয়ে তারা দ্রুত সরে পড়ে।
অটোরিকশা চালক মো. সেলিম বলেন, “সামনে দেখলাম টেম্পো ভাংতেছে। আমি গাড়ি থামাইছি পরে হঠাৎ দেখি আমার গাড়িতেও আগুন দিছে।”
এ ঘটনায় কেউ আহত হননি বলে অতিরিক্ত উপ কমিশনার আবদুস সালাম জানান।
এদিকে সকাল ৭টার দিকে কারওয়ান বাজারে অবরোধের সমর্থনে ঝটিকা মিছিল থেকে কয়েকটি হাতবোমা ফাটানো হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
তেজগাঁও পুলিশ জানায়,এ ঘটনায় কেউ আহত হননি। পুলিশ কাউকে আটকও করতে পারেনি।
নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে গত ২৬ নভেম্বর থেকে ৭১ ঘণ্টার অবরোধের পর শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে দ্বিতীয় দফায় ৭২ ঘণ্টার এই অবরোধ করছে বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দলীয় জোট।
শনিবার অবরোধের শুরু থেকেই রাজধানীর সায়দাবাদ, মহাখালী ও গাবতলী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তবে কাছাকাছি দূরত্বের কয়েকটি গন্তেব্যে কিছু বাস সকালে ছেড়ে গেছে বলে যাত্রাবড়ির এস আই এমরানুল ইসলাম ও বংশাল থানার পরিদর্শক আবুল হাসান জানান।
রাজধানীর প্রতিটি সড়কেই হিউম্যান হলার, অটোরিকশাসহ ছোট যানবাহন চলছে। নগর পরিবহনের বাসের সংখ্যাও আগের দুদিনের তুলনায় বেড়েছে।
অবরোধের প্রথম দুই দিনে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ ও নাশকতায় আন্তত ২৬ জনের মৃত্যু হয়।

0 comments:
Post a Comment