Monday, December 2, 2013

গণভবনে গার্মেন্ট মালিকরা

বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যায়।   
এই প্রতিনিধি দলের রাতে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গেও দেখা করার কথা রয়েছে।
এই প্রতিনিধি দলে রয়েছেন, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, সাবেক সভাপতি আনিসুল হক, এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, বিজিএমইয়ের সাবেক সভাপতি আনিসুর রহমান সিনহা, আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ ও শফিউল ইসলাম, বিটিএমএয়ের সভাপতি জাহাঙ্গীর আল আমিন, বিকেএমইয়ের সহ-সভাপতি আব্দুল হাতেম প্রমুখ।
শেখ হাসিনা ও খালেদা জিয়ার সঙ্গে দেখা করে স্মারকলিপি দেয়া হবে বলে বিকালে বিজিএমইএ সভাপতি জানান।
বিরোধী দলের অবরোধের মধ্যে বিকালে বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ নেতারা একটি বৈঠক করেন। ওই বৈঠকেই দুই নেত্রীকে স্মারকলিপি দেয়ার সিদ্ধান্ত হয়।
বিজিএমইএর সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাম্প্রতিক রাজনৈতিক  অস্থিতিশীলতার কারণে প্রতিদিন আমাদের শ’ শ’ কোটি টাকার ক্ষতি হচ্ছে। আমরা নিরাপত্তা পাচ্ছি না। এই পরিস্থিতি থেকে উত্তরণে আমরা দুই নেত্রীর সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিয়েছি।”   
পোশাক খাত সংশ্লিষ্ট এই তিন সংগঠনের প্রতিনিধিরা প্রথমে প্রধানমন্ত্রীর সঙ্গে এবং পরে বিরোধীদলীয় নেতার সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেন।
সালাম মুর্শেদী বলেন, “তারা যদি আমাদের সঙ্গে দেখা নাও করেন, তারপরও আমরা আমাদের দাবি সম্বলিত স্মরকলিপি তাদের প্রতিনিধিদের কাছে তুলে দেব।”
ক্ষমতাসীন আওয়ামী লীগ নির্বাচনের সার্বিক প্রস্তুতি এগিয়ে নিলেও বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দল তফসিল প্রত্যাখ্যান করে প্রথম দফায় ৭১ ঘণ্টার অবরোধের পর শনিবার সকাল থেকে ১৩১ ঘণ্টার একটি কর্মসূচি দিয়েছে।
টানা অবরোধে সারা দেশে ব্যাপক সহিংসতায় এ পর্যন্ত  অন্তত ২৮ জন নিহত হয়েছেন। রপ্তানি পণ্য পরিবহন বাধাগ্রস্ত হওয়ায় মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে তৈরি পোশাক খাতসহ দেশের অর্থনীতি।       
এই পরিস্থিতিতে প্রধান দুই দলের সমঝোতার জন্য এর আগে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পক্ষ থেকে দুই নেত্রীর সঙ্গে বৈঠক করা হলেও কোনো সমাধান আসেনি।

0 comments:

Post a Comment